ছোটপর্দায় ফিরছেন পরান বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ বিরতির পর আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়।   নতুন ধারাবাহিক ‘সংসার সংকীর্তন’-এ দেখা যাবে তাঁকে। ধারাবাহিকের মূল গল্পে রয়েছে ঘটি-বাঙালের চিরাচরিত দ্বন্দ্ব। কৌতুকধর্মী এই কাহিনির মুখ্য ভূমিকায় রয়েছেন সব্যসাচী চৌধুরী এবং মানালি দে। নায়ক-নায়িকার পাশাপাশি দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায় এবং শুভাশিস মুখোপাধ্যায়ের হাড্ডাহাড্ডি লড়াই।

বর্তমানে অনেক অভিনেতাই ছোটপর্দা থেকে দূরে থাকছেন। সেই প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, এত বছর পর কেন আবার ধারাবাহিকে অভিনয় করতে রাজি হলেন পরান? এই বিষয়ে অভিনেতা জানান, প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর আগের কাজের যোগ থাকায় রাজি হন তিনি। তাঁর কথায়, “ ‘কীর্তন’ এবং ‘কীর্তনের পর কীর্তন’ এই দুই ছবিতে আমি কাজ করেছি। ছবিগুলি খুবই প্রশংসিত হয়েছিল। তখনই গল্পকে ভিত্তি করে ধারাবাহিক তৈরির পরিকল্পনা হয় এবং আমাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। এখানে সবাই আমাকে খুব ভালোবাসেন, তাই রাজি হয়ে যাই।”

তবে বয়সের কথা মাথায় রেখে কিছু শর্তও দিয়েছেন প্রবীণ অভিনেতা। তিনি স্পষ্টত জানিয়েছেন, দীর্ঘ সময় কাজ করা এখন আর তাঁর পক্ষে সম্ভব নয়। তাই সাড়ে চার ঘণ্টার মধ্যেই তাঁর শুটিং শেষ করবার অনুরোধ জানান তিনি।

এই ধারাবাহিকে পরান-শুভাশিস জুটিকে একসাথে দেখার অপেক্ষায় অনুরাগীরা।

By Durgasree Mitra