১৩ বছরের দাম্পত্যে ইতি! তৃতীয় স্ত্রী অ্যানার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা পবন কল্যাণের

১৩ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ও অভিনেতা পবন কল্যাণ এবং তাঁর স্ত্রী অ্যানা কোনিডেলা। সোমবার রাতে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের কথা জানান তাঁরা।

বিবৃতিতে পবন ও অ্যানা জানান, পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের পরও তাঁরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন এবং সন্তানদের প্রতি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান জানানোর অনুরোধ জানিয়েছেন তাঁরা।

২০১১ সালে ‘তিন মার’ ছবির শুটিংয়ের সময় পবনের সঙ্গে পরিচয় হয় রাশিয়ার নাগরিক অ্যানার। ২০১৩ সালের সেপ্টেম্বরে বিশেষ বিবাহ আইন অনুযায়ী তাঁদের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান রয়েছে—পোলেনা অঞ্জনা পবনোভা ও মার্ক শঙ্কর পবনোভিচ। বিচ্ছেদের ঘোষণা প্রকাশ্যে আসার পর অ্যানা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে দেন।

এর আগে পবন কল্যাণের আরও দুটি বিয়ে হয়েছিল। ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেন তিনি। ২০০৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০০৯ সালে অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন। তাঁদের দুই সন্তান রয়েছে। ২০১২ সালে সেই দাম্পত্যেরও অবসান ঘটে। এরপর ২০১৩ সালে অ্যানাকে বিয়ে করেছিলেন এই অভিনেতা।

By Durgasree Mitra