আরও একটি বড় হলিউড প্রজেক্টের মাধ্যমে নিজের ছাপ ফেলতে প্রস্তুত প্রিয়াঙ্কা চোপড়া। আসন্ন সায়েন্স-ফিকশন অ্যাকশন-থ্রিলার ‘ব্লুফ্লাই’ (Bluefly)-তে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো এবং প্রিয়াঙ্কাকে। ছবিটি পরিচালনা করবেন নিম্রোদ আন্তাল, যিনি ‘প্রেডেটরস’ ও ‘ভ্যাকেন্সি’ – র মতো চলচ্চিত্র এবং জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পর্ব পরিচালনার জন্য পরিচিত।
এই বিগ-বাজেট সিনেমায় প্রিয়াঙ্কা ও রাসেলের জুটির হাত ধরে দর্শকরা অ্যাকশন, রহস্য ও উত্তেজনার এক রোমাঞ্চকর সংমিশ্রণ উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক ক্রেতাদের সামনে আনুষ্ঠানিকভাবে ‘ব্লুফ্লাই’ ছবিটি তুলে ধরা হবে। চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এর কাহিনি আবর্তিত হয়েছে জাতিসংঘের একজন সমস্যাগ্রস্ত অনুবাদককে কেন্দ্র করে, যাকে একটি গোপন মিশনে কঙ্গোতে পাঠানো হয়।
এই মিশনের সময় তাকে এমন একটি রহস্যময় উড়োজাহাজের সন্ধান করতে হবে, যার অস্তিত্ব এতদিন বিশ্বের কাছে গোপন রাখা হয়েছিল। ছবিটিকে ‘অ্যারাইভাল’-এর ধাঁচে একটি আবেগঘন ও রহস্যময় সায়েন্স-ফিকশন থ্রিলার হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ছয়জন প্রযোজকের একটি দল ছবিটির প্রযোজনার দায়িত্বে থাকছে এবং বিশ্বব্যাপী এর পরিবেশনার দায়িত্বে থাকবে হাইল্যান্ড ফিল্ম গ্রুপ।
