শোক নিয়েই কাজে ফিরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার তিনি যোগ দিলেন পরিচালক শমীক রায়চৌধুরীর নতুন সিরিজ ‘তারকাটা’-র শুটিংয়ে। সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা। রয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও। এই সিরিজের মাধ্যমেই প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি।
ঘনিষ্ঠ সূত্রে খবর, সিরিজটির শুটিংয়ের আর মাত্র কয়েকদিন বাকি। ১০, ১১ এবং ১৩ এপ্রিল নির্ধারিত রয়েছে শুটিংয়ের দিন। তার মধ্যেই ১০ এপ্রিলের শিডিউলে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা। পরবর্তী দিনগুলোতেও তিনি শুটিংয়ে অংশ নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। দক্ষিণ কলকাতার বেহালা সংলগ্ন একটি লোকেশনেই চলছে শুটিং। শুটিং শুরুর খবর নিশ্চিত করেছেন পরিচালক নিজেই, যদিও এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি। এ দিনের শুটিংয়ে উপস্থিত ছিলেন দেবেশ রায়চৌধুরী, আয়ুশ দাস-সহ আরও অনেকে।
উল্লেখ্য, সম্প্রতি প্রয়াত হয়েছেন প্রিয়াঙ্কার স্বামী, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাহুলের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই কলকাতা এবং তালসারিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা। ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের আউটডোর শুটিং চলাকালীন তালসারিতেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। ব্যক্তিগত ও আইনি লড়াই সামলানোর পাশাপাশি নিজেকে মানসিকভাবে স্থির করার জন্য কিছুটা সময় নিয়েছিলেন অভিনেত্রী। এবার সবকিছু সামলে, শোককে সঙ্গী করেই কাজে ফিরলেন তিনি।
