প্রায়শই নানা আলোচনায় থাকেন অভিনেতা আমির খান। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এখন জীবনের বড় অংশটাই তিনি পরিবারের সঙ্গে কাটাতে চান। অভিনয় জীবনের শুরুর দিকে কাজের চাপে পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারেননি বলেও স্বীকার করেছেন তিনি।
এই প্রসঙ্গেই নিজের প্রথম বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতা ভাগ করে নেন আমির। তিনি জানান, প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দুই সন্তানকে নিয়ে রিনা আলাদা হয়ে যাওয়ার পর তীব্র একাকীত্বে ভুগতেন তিনি। তাঁর পক্ষে, দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ মেনে নেওয়া সহজ ছিল না।
আমিরের কথায়, সেই সময় একেবারেই ভেঙে পড়েছিলেন তিনি। মদ্যপানের অভ্যেস না থাকলেও, বিচ্ছেদের পর তাঁর পরিস্থিতি বদলে যায়। প্রতি রাতেই মদ্যপান শুরু করেন এবং ধীরে ধীরে আসক্ত হয়ে পড়েন।
পরবর্তীতে জীবনে নতুন অধ্যায় শুরু করেন আমির। পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন তিনি এবং তাঁদের একটি সন্তানও রয়েছে। যদিও পরবর্তী সময়ে তাঁরাও আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
সময় বদলেছে। এখন আর আগের মতো নেই আমির। জীবনের এই পর্যায়ে এসে নিজের পরিবার ও কাছের মানুষকে আঁকড়ে বাঁচতে চান অভিনেতা। বর্তমানে, ছোটবেলার বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন আমির।
