হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার সলমনের ‘বডি ডাবল’ পরভেজ়ের, দীর্ঘদিনের সঙ্গীর চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেতা

সলমন খান যেন আরও এক বার প্রমাণ করলেন, তাঁর দীর্ঘদিনের যাত্রার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বিপদে তিনি পাশে থাকেন। সম্প্রতি তাঁর দীর্ঘদিনের ‘বডি ডাবল’ পরভেজ় কাজ়ী অসুস্থ হয়ে পড়ায় সাহায্যে এগিয়ে এসেছেন অভিনেতা। চলতি মাসের শুরুতে পরভেজ়ের হৃদ্‌যন্ত্রে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে। তাঁর অস্ত্রোপচার-পরবর্তী সময়ে প্রয়োজনীয় চিকিৎসা এবং সহায়তা নিশ্চিত করেছেন সলমন।

এক প্রতিবেদন অনুযায়ী, ৬ অগস্ট বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন পরভেজ়। প্রথমে খবর ছড়িয়েছিল, ছবির সেটে হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। তবে পরে তাঁর সহকারী পীযূষ বিষয়টি স্পষ্ট করে জানান যে, ঘটনাটি শুটিংয়ের সময় ঘটেনি। তিনি জানান, অসুস্থ বোধ করার পর পরভেজ় চিকিৎসকের কাছে যান এবং একাধিক পরীক্ষা করানো হয়। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁর হৃদ্‌যন্ত্রে ছোট একটি অস্ত্রোপচার করেন।

পরভেজ়ের অসুস্থতার খবর পেতেই সাহায্যের হাত বাড়িয়ে দেন সলমন। পীযূষের দাবি, পরভেজ়ের চিকিৎসার বিষয়ে সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে কি না, তা ব্যক্তিগত ভাবে নিশ্চিত করেছিলেন অভিনেতা। তাঁর কথায়, “গোটা সময়টা তিনি আমাদের সঙ্গেই ছিলেন। সলমন স্যার নিজের ভাইয়ের মতো দেখেন পরভেজ় স্যারকে। সঙ্গে সঙ্গে সাহায্য করেন তিনি।”

বর্তমানে পরভেজ়ের শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল এবং তিনি ধীরে ধীরে সেরে উঠছেন। কঠিন সময়ে সলমন পাশে দাঁড়ানোয় তাঁর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন পরভেজ়।

By Paromita