স্টুডিয়োপাড়ার অন্দরে একাংশে এখন একটাই আলোচনা, বাংলা ‘বিগ বস’-এর ঘরে দেখা যাবে টলিপাড়ার কোন তারকাদের? শোনা গিয়েছে, টলিপাড়ার অন্দরের অনেক চেনামুখের কাছেই গিয়েছে এই খেলায় যোগ দেওয়ার সুযোগ। তবে চূড়ান্ত কিছু ঘোষণা হয়নি। এরই মধ্যে আলোচনা, বাংলা ‘বিগ বস’-এর বাড়িতে প্রতিযোগী হিসাবে দেখা যেতে পারে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।
এ বারের বিধানসভা নির্বাচনের আগে অনেক সাক্ষাৎকারেই সায়ন্তিকা জানিয়েছিলেন, ভোট মিটলেই তিনি আবার ফিরবেন রোল-ক্যামেরা, অ্যাকশনের জগতে। এখন প্রশ্ন, তা হলে কি বাংলা ‘বিগ বস্’-এর মাধ্যমেই পর্দায় ফিরবেন অভিনেত্রী? সে কথা যদিও নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও কিছু ঘোষণা হয়নি। তবে গত ৪ মে নির্বাচনে দল ও নিজের হারের পরেই শারীরচর্চায় মন দিয়েছেন সায়ন্তিকা। মাত্র কয়েক মাসেই তাঁর চেহারায় এসেছে বিপুল পরিবর্তন। তবে অগস্টে বাংলা ‘বিগ বস্’-এর বাড়িতে তাঁকে দেখা যাবে কি না, তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, এরই মধ্যে আলোচনা এই প্রতিযোগিতায় নাকি যোগ দেবেন অভিনেত্রী নুসরত জাহান, যশ দাশগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ক চক্রবর্তী-সহ বেশ কিছু চেনামুখ। কিন্তু সব নামই সম্ভাব্য হিসাবে ধরে নেওয়া হচ্ছে। কারণ, এই বিষয়ে সকলেরই মুখে কুলুপ। মাঝে ফিসফাস শুরু হয়েছিল, ছোটপর্দার অভিনেত্রী শ্রুতি দাসকেও নাকি দেখা যেতে পারে। সেই অনুযায়ী নাকি ঘুরিয়ে দেওয়া হবে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের মোড়। কিন্তু এ প্রসঙ্গেও কারও তরফে কোনও উত্তর মেলেনি। সম্ভবত, অগস্ট থেকে শুরু হবে বাংলা ‘বিগ বস্’-এর শুটিং। সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
