জাতীয় মঞ্চে সাফল্যের মুকুট ছিনিয়ে নিয়ে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করলেন বৈকুণ্ঠপুরপল্লির মেয়ে নীহারিকা বর্মন। হরিয়ানার গুরুগ্রামে ৩১ অক্টোবর অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্সাল ইন্ডিয়া-২০২৬’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তের ২১ জন প্রতিযোগীকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতে নেন নীহারিকা।
শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নীহারিকা বর্তমানে শিলিগুড়ি কলেজের ছাত্রী। তাঁর বাবা সত্যেন বর্মন এসএসবি জওয়ান। কর্মসূত্রে অধিকাংশ সময় সীমান্তে থাকায় মেয়ের স্বপ্নপূরণে বড় ভূমিকা নিয়েছেন মা তাপসী বর্মন। মেয়ের এই সাফল্যে গর্বিত তিনি। তাঁর কথায়, মেয়ের স্বপ্নপূরণই এখন জীবনের সবচেয়ে বড় লক্ষ্য।
ছোটবেলা থেকেই মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল নীহারিকার। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ‘বেঙ্গল নেক্সট টপ মডেল’ প্রতিযোগিতায় সেরা আটে জায়গা করে নিয়েছিলেন। পরে পড়াশোনার কারণে দীর্ঘদিন প্রতিযোগিতা থেকে দূরে থাকলেও চলতি বছরের মে মাসে বন্ধুদের উৎসাহে ফের মডেলিংয়ে ফিরে আসেন। ‘মিস নর্থ বেঙ্গল’ প্রতিযোগিতায় প্রথম হয়ে জাতীয় মঞ্চে পৌঁছনোর সুযোগ পান।
এবার তাঁর লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করা। পাশাপাশি উত্তরবঙ্গের সংস্কৃতি এবং রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যকে দেশ-বিদেশের দরবারে তুলে ধরতে চান নীহারিকা। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে।
