‘দাদাগিরি’র সাফল্যের পর বর্তমানে ‘বিগ বস্ বাংলা’ সঞ্চালনায় ব্যস্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বার শোনা যাচ্ছে, একই চ্যানেলে নতুন একটি নন-ফিকশন গেম শোয়ের সঞ্চালকের ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। সব ঠিক থাকলে, চলতি বছরের নভেম্বর থেকে শুরু হতে পারে শুটিং।
সূত্রের খবর, ২০২৫ সালে চার বছরের জন্য ১২৫ কোটি টাকার চুক্তিতে সই করেছিলেন সৌরভ। সেই চুক্তি অনুযায়ী, ‘বিগ বস্ বাংলা’র পর আরও একটি শো সঞ্চালনা করার কথা তাঁর। নতুন শোয়ের ফরম্যাট ‘দাদাগিরি’ বা ‘বিগ বস্’ থেকে আলাদা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রচারের প্রথম ঝলক। সেখানে ইঙ্গিত মিলেছে, টাকা জেতার জন্য প্রশ্ন ও উত্তর—দুই ক্ষেত্রেই দর্শকদের ভূমিকা থাকবে।
তবে সৌরভের টিমের তরফে জানানো হয়েছে, এখনও শুটিং শুরু হয়নি। আগামী সপ্তাহে বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন শোয়ের নামও এখনও প্রকাশ্যে আসেনি। ‘বিগ বস্ বাংলা’র সম্প্রচার চলাকালীনই নতুন শো শুরু হলে, দুটি অনুষ্ঠান একই সময়ে টেলিভিশনের পর্দায় দেখা যেতে পারে।
উল্লেখ্য, ২০০৯ সালে ‘দাদাগিরি’র মাধ্যমে টেলিভিশনের সঞ্চালক হিসেবে যাত্রা শুরু করেছিলেন সৌরভ। পরে এই জনপ্রিয় অনুষ্ঠানের ন’টি সিজনে সঞ্চালনার দায়িত্ব সামলেছেন তিনি।
