‘ললকার’-এর জল্পনা, ২৫ বছর পর আশুতোষের সঙ্গে ফিরতে পারেন আমির

বলিউডে আমির খান মানেই এক সময় ছিল ‘অপেক্ষা’। অভিনেতা ছবি কম করতেন, কিন্তু নতুন ছবি ঘোষণা হলেই কৌতূহল বাড়ত। গত কয়েকটি ছবিতে সেই প্রত্যাশার সঙ্গে বক্সঅফিসের হিসাব পুরোপুরি মেলেনি। তাই এ বার নাকি আরও সতর্ক আমির। গল্পে মন না ভরলে ছবিতে সই করার প্রশ্নই নেই। অভিনেতার টিমও জানিয়েছে, এখনও নতুন কোনও প্রকল্পে চূড়ান্ত সই করেননি তিনি।

কিন্তু আমিরকে ঘিরে বলিউডের অন্দরমহলের নানা আলোচনা শুরু হয়ে গিয়েছে। তাঁর দুই পুরনো বন্ধু তথা পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং রাজকুমার হিরানি নাকি তাঁকে মাথায় রেখেই নতুন ছবির গল্প তৈরির চেষ্টা করছেন।

আশুতোষের সঙ্গে আমিরের শেষ কাজ ‘লগান’। ছবিটি মুক্তির ২৫ বছর পর ফের সেই পরিচালক-অভিনেতা জুটির প্রত্যাবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ছবির সম্ভাব্য নাম ‘ললকার’। শোনা যাচ্ছে, ক্রিকেটার লালা অমরনাথের জীবন এবং ক্রিকেটের দুনিয়াকে ঘিরেই ছবির গল্প ভাবা হচ্ছে। যদিও এই মুহূর্তে ছবি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

অন্য দিকে, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’-র মতো ছবির পরিচালক রাজকুমারও নাকি আমিরকে নিয়ে নতুন কিছু করার কথা ভাবছেন। তাঁর দীর্ঘ দিনের লেখক-সঙ্গী অভিজাত জোশীকে সঙ্গে নিয়ে অভিনেতার জন্য উপযুক্ত গল্প খোঁজার কাজ চলছে বলে খবর। তবে আপাতত সবটাই প্রস্তুতির স্তরে।

By Paromita