অভিনেতা বিদ্যুৎ জামওয়াল এখন হলিউডে অভিষেকের জন্য প্রস্তুত। তাঁর প্রথম হলিউড ছবি ‘স্ট্রিট ফাইটার’-এর চূড়ান্ত ট্রেলার মুক্তি পেয়েছে। প্যারামাউন্ট পিকচার্স ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত এই ট্রেলারে দুর্দান্ত অ্যাকশন ও মার্শাল আর্টের ঝলক দেখা গেছে। ছবিটির প্রথম ট্রেলারটি গত এপ্রিলে মুক্তি পেয়েছিল।
কিতাও সাকুরাই পরিচালিত এই সিনেমায় নোয়া সেন্টিনিও, জেসন মোমোয়া, রোমান রেইন্স এবং অ্যান্ড্রু কোজির মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ক্যাপকম-এর জনপ্রিয় ভিডিও গেমের ওপর ভিত্তি করে নির্মিত ‘স্ট্রিট ফাইটার’-এর কাহিনি ১৯৯৩ সালের প্রেক্ষাপটে সাজানো হয়েছে। এতে বিদ্যুৎ জামওয়ালকে যোগা গুরু ‘ধালসিম’-এর চরিত্রে দেখা যাবে।
সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে মার্শাল আর্টিস্ট দুই বন্ধু—রিউ এবং কেন (যাদের চরিত্রে অভিনয় করেছেন অ্যান্ড্রু কোজি ও নোয়া সেন্টিনিও)—কে কেন্দ্র করে। তাদের একটি বিপজ্জনক ‘ওয়ার্ল্ড ওয়ারিয়র’ টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হয়, যেখানে তারা বিশ্বের সেরা ও শক্তিশালী যোদ্ধাদের মুখোমুখি হয়। ‘স্ট্রিট ফাইটার’ ছবিটি ২০২৬ সালের ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
