আদিত্য-অনুষ্কার ঘরে খুশির আমেজ, যমজ সন্তানের বাবা-মা হলেন তারকা দম্পতি

দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিয়ের পাঁচ বছর পর যমজ কন্যাসন্তানের মা-বাবা হলেন অনুষ্কা রঞ্জন ও আদিত্য শীল। ২৩ অগাস্ট তাঁদের পরিবারে এসেছে দুই কন্যা—ভীরা রঞ্জন শীল ও মাহি রঞ্জন শীল।

এই সুখবরের কথা সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নেন তারকা দম্পতি। দুই সন্তানকে নিজেদের ‘দুই সূর্যালোক’ হিসেবে উল্লেখ করে তাঁরা জানান, নতুন অতিথিদের আগমনে তাঁদের জীবন ভালোবাসায় ভরে উঠেছে।

চলতি বছরের মে মাসে অনুষ্কা ও আদিত্য সমাজমাধ্যমে অনুষ্কার বেবি বাম্পের ছবি প্রকাশ করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন। পরে জুনে অনুষ্কা মাতৃত্বের জন্য আইভিএফ চিকিৎসার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন। চিকিৎসার সেই কঠিন সময়ে পরিবারের সমর্থন তাঁকে মানসিকভাবে শক্তি জুগিয়েছিল বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

প্রায় চার বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০২১ সালে অনুষ্কাকে বিয়ে করেন আদিত্য। এবার যমজ কন্যার আগমনে তাঁদের দাম্পত্য জীবনে যোগ হল নতুন অধ্যায়।

By Durgasree Mitra