‘টক্সিক’ ছবির ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক। ‘তবাহি’ গানটি মুক্তির পর থেকে বিতর্কের মুখে কিয়ারা আডবাণী। গানের দৃশ্যে উদ্দাম ঘনিষ্ঠতা দেখানো হয়েছে কিয়ারা ও যশের মধ্যে। মাত্রাতিরিক্ত সাহসী দৃশ্যে অভিনয় করেছেন, এমন অভিযোগ উঠেছে কিয়ারার দিকে। নানা রকমের ট্রোলিং-এর শিকারও হচ্ছেন তিনি। “কেন এক জন বিবাহিতা মহিলা হয়ে এত সাহসী দৃশ্য!” এমন প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে স্বামী অর্থাৎ সিদ্ধার্থ মলহোত্রের কী ভূমিকা, অনুরাগীরা জানতে আগ্রহী।
কঠিন সময়ে কী ভাবে কিয়ারার ভরসা হয়ে ওঠেন সিদ্ধার্থ, তা নিয়ে অভিনেত্রী এক পুরনো সাক্ষাৎকারে কথা বলেছিলেন। সেই পুরনো মন্তব্যই আবার আলোচনায় উঠে এসেছে। কিয়ারা বলেছিলেন, “সমাজমাধ্যমে নেতিবাচক মন্তব্য আমাকে খুবই প্রভাবিত করেছিল। তখন আমি এ সব নিয়ে আমার স্বামীর সঙ্গেও কথা বলিনি। ও নিজেও সব দেখেছিল, কিন্তু বিষয়টা নিয়ে প্রথমে কিছু বলেনি।”
এর পর নাকি সিদ্ধার্থ তাঁকে বোঝান। কিয়ারার কথায়, “ও আমাকে বলেছিল, ‘দেখো, নেতিবাচক মন্তব্য সবসময়ই থাকবে। কিন্তু তুমি যদি এগুলোকে এত গুরুত্ব দাও, বাড়িতে বসে কাঁদো আর মনে করো সব শেষ হয়ে গিয়েছে, তা হলেই সমস্যা হবে। তুমি তাদের চেনো না, তারাও তোমাকে চেনে না। সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি কেন এগুলোকে এত গুরুত্ব দিচ্ছ?’” সিদ্ধার্থের এই মন্তব্যই সাহস জুগিয়েছিল কিয়ারার মনে। মনের জোর পেয়েছিলেন তিনি।
কিয়ারা বলেছিলেন, “ওর কথা শুনে আমার মনে হয়েছিল, ও যদি এত পরিণত ভাবে বিষয়টা দেখতে পারে, তা হলে আমি কেন এত ভেঙে পড়ছি?” তবে এটি পুরনো ভিডিয়োর মন্তব্য। পর্দায় যশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সিদ্ধার্থের কী প্রতিক্রিয়া, তা এখনও স্পষ্ট নয়।
