ইন্ডাস্ট্রির জন্য বড় ঘোষণা বিজয়ের

নতুন তামিল ছবির প্রচার ও ব্যবসা বাড়াতে রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে প্রতিদিন পাঁচটি করে শো চালুর অনুমতি দিল তামিলনাড়ু সরকার। চলতি মাসের শুরুতে মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির সঙ্গে বৈঠকে বসেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির বিশিষ্ট প্রতিনিধিরা। সেখানেই তাঁরা নতুন মুক্তিপ্রাপ্ত ছবির জন্য প্রতিদিন অতিরিক্ত একটি শো চালুর আবেদন জানান। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন।

এতদিন পর্যন্ত তামিলনাড়ু সিনেমা (রেগুলেশন) বিধিমালা, ১৯৫৭ অনুযায়ী রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে প্রতিদিন নতুন ছবির সর্বাধিক চারটি শো প্রদর্শনের অনুমতি ছিল। শুধুমাত্র স্থানীয় উৎসব, সরকারি ছুটি কিংবা বিশেষ উপলক্ষ্যে অতিরিক্ত একটি শো-এর অনুমতি দেওয়া হত। সেই অনুমোদনের দায়িত্বে থাকতেন জেলা লাইসেন্সিং কর্তৃপক্ষ, জেলা কালেক্টর অথবা চেন্নাই শহরের ক্ষেত্রে পুলিশ কমিশনার।

নতুন নির্দেশিকায় বড় বদল আনল রাজ্য সরকার। এখন থেকে নতুন মুক্তিপ্রাপ্ত ছবির ক্ষেত্রে মুক্তির প্রথম সাত দিন প্রতিদিন পাঁচটি করে শো দেখানো যাবে। শুধু তাই নয়, শনি ও রবিবার, সরকারি ছুটি কিংবা উৎসবের দিনেও অতিরিক্ত শো চালানোর জন্য আর আলাদা করে সরকারি অনুমতি নিতে হবে না। স্বাভাবিক ভাবেই তামিলনাড়ুর নতুন নির্দেশিকায় খুশি তামিল সিনেমাজগৎ। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।  

By Durgasree Mitra