নাভি মুম্বাই বেঙ্গলি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ১৬ থেকে ২০শে অক্টোবর ভাশির সিডকো এক্সিবিশন সেন্টারে আয়োজিত হতে চলেছে ৪৭তম শারদোৎসব। এ বছরের থিম ‘শারদীয়া—ফ্রম সোল টু সয়েল’। বাঙালির ঐতিহ্য, আবেগ ও ঘরে ফেরার অনুভূতিকে কেন্দ্র করে সাজানো হয়েছে এই উৎসব।
এই উৎসবে দেবীর বোধন, বরণ, পুষ্পাঞ্জলি, সন্ধিপুজো ও কুমারী পুজোর পাশাপাশি প্রতিদিন প্রায় ৭০০-৮০০ জন ভক্তের জন্য থাকবে মহাভোগ। সঙ্গীতানুষ্ঠানে ১৬ই অক্টোবর অংশ নেবেন জয়তী চক্রবর্তী, ১৭ই অক্টোবর অংশ নেবেন রূপঙ্কর বাগচী, ১৮ই অক্টোবর অংশ নেবেন অমিত কুমার এবং ১৯ই অক্টোবর অংশ নেবেন জাভেদ আলি। এছাড়াও অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে থাকছে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোমনাথ চট্টোপাধ্যায়, অসীম কুমার দে সহ বিশিষ্টরা।
এ ছাড়াও উৎসবের বিশেষ চমক হিসেবে থাকছে ঐতিহ্যবাহী হস্তশিল্প, শাড়ি, গয়না, মিষ্টি, ফুচকা ও ঝালমুড়ির স্টল। পাশাপাশি আয়োজন করা হবে ফ্যাশন শো, ধুনুচি নাচ, শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতার।
প্রায় ১.৫ লক্ষ বর্গফুটের শীতাতপ নিয়ন্ত্রিত প্রাঙ্গণে থাকবে গঙ্গার মাটি দিয়ে তৈরি ১৩ ফুট উচ্চতার পরিবেশবান্ধব দুর্গাপ্রতিমা। আয়োজকদের দাবি, এই পুজো এমএমআর অঞ্চলের অন্যতম জনপ্রিয় পুজো হয়ে উঠবে। উৎসবের মূল বার্তা “মায়ের আগমনে, প্রতিটি ঘর হয়ে ওঠে আপন।”
