পুজোয় কলকাতা ছেড়ে যান না মিমি, বিয়ের গুঞ্জন নিয়ে বললেন, ‘আমিও শুনছি আমার বিয়ে’

জলপাইগুড়ির মেয়ে, সেখানেই বেড়ে ওঠা অভিনেত্রী মিমি চক্রবর্তীর। কাজের সূত্রে কলকাতায় আসার পর থেকে এখানেই দুর্গাপুজো কাটান। জলপাইগুড়িতে পুজো হলেও পুজোর সময় কলকাতা ছেড়ে যান না মিমি। এই বছরেও শহরে থাকছেন। মিমি জানালেন, ‘‘ছবির প্রচারশেষে পুজো নিয়ে মেতে ওঠার পালা। কলকাতার মতো এই আড়ম্বর আর কোথায়? এই যে পাড়ায় পাড়ায় পুরনো দিনের গান বাজে, আলোয় আলোয় ভরে ওঠে চারিদিক, কত মানুষ উৎসবে মেতে ওঠেন, এতেই মন ভাল হয়ে যায়।’’

পুজোর বিভিন্ন কাজে জড়িয়ে পড়তে ভালবাসেন মিমি। নিজের আবাসনের পুজোয় অঞ্জলি দেন, সকলের হাতে হাতে ফুল তুলে দেন, পাড়ার সকলের সঙ্গে কাজে হাত লাগান। আর পুজোর দিনে খানিক নিয়মের বিরুদ্ধে হাঁটতে হয়। পুজোর ক’টা দিন শাড়িতে সেজে ওঠেন মিমি। পুরনো দিনের সাবেক গয়না তাঁর পছন্দ, তাই কখনও কখনও মায়ের গয়নাতেও সেজে ওঠেন মিমি। তিনি জানান, ‘‘এই ক’দিন ঝলমলে শহরে বন্ধুদের সঙ্গে আড্ডা, খাওয়াদাওয়া চলবে। ঢাকের তালে ধুনুচি নাচ তো থাকবেই। আর পছন্দের শাড়ি পরে অঞ্জলি দেব।’’

পুজোয় মুক্তি পাচ্ছে তাঁর ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। পুজোর আগে এই ছবির প্রচারে ব্যস্ত নায়িকা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে অনেকদিনের আলাপ হলেও এই প্রথম তাঁর পরিচালনায় কাজ করলেন মিমি। কেমন অভিজ্ঞতা তাঁর? নায়িকা বলেন ‘‘সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে অনেক দিনের আলাপ। কিন্তু ওঁর সঙ্গে কাজে অনেক বাধা ছিল। তবে আমি মনে করি, সবকিছুরই একটা সঠিক সময় থাকে, আর তাতেই সঠিক জিনিসটা হয়।’’

ছবিতে আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে সুমিত্রার চরিত্রে দেখা যাবে তাঁকে। চরিত্রটির জন্য কী ভাবে প্রস্তুত হয়েছিলেন মিমি। এ প্রসঙ্গে কথা উঠতেই নায়িকা বলেন, ‘গানের ওপারে’-এর ‘পুপে’-র আদলে এই চরিত্র তৈরি করেছেন সৃজিতদা। আমায় প্রথমেই পুপের রেফারেন্স দিয়েছিলেন। পিরিয়ড ছবিতে এমনিও অনেক হোমওয়ার্ক থাকে। আর অবশ্যই মাথায় রাখতে হয় আমি যেন কাউকে ছোট না করি। এমনিও কোনও ছবি শুরু হওয়ার আগে এখনও ঘুমোতে পারি না চিন্তায়। এ বার সেটা আরও বেশি ছিল। আমি পনেরো মিনিট আগে সেটে পৌঁছে যেতাম, কেউ বকা খাচ্ছে কি না দেখতাম।’’

মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সৃজিত জানিয়েছিলেন ‘‘মিমির মধ্যের আগুনটা সুমিত্রার চরিত্রের মধ্যেও আছে। এই বছরের পুজো কী বিশেষ মিমির কাছে। নয়িকা নিজে কিছু না বললেও তিনি নাকি ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন, সূত্রের খবর এমনই। যদিও এ প্রশ্ন করতেই খানিক লাজুক হাসি হেসে তাঁর মত, ‘‘আমিও শুনছি আমার বিয়ে।’’

By Paromita