প্রধানমন্ত্রীর ‘কুরুচিকর’ ছবি প্রদর্শনের অভিযোগ! শ্রীলেখা মিত্রকে গ্রেফতারের দাবি

আনন্দপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। এ ছাড়া বিধাননগর সাইবার ক্রাইম-সহ জেলায় জেলায়ও অভিযোগ দায়ের হয়েছে শ্রীলেখার বিরুদ্ধে।

কলকাতায় শুক্রবার ছাত্রছাত্রীদের প্রতিবাদে গিয়ে আইনি জটিলতায় পড়লেন শ্রীলেখা মিত্র। অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল একাধিক থানায়। অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুরুচিকর ছবি ব্যবহার করেছেন।

আনন্দপুর থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। এ ছাড়া বিধাননগর সাইবার ক্রাইম-সহ একাধিক জেলার বিভিন্ন থানায় শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে খবর। ২৪ জুলাই কলকাতার রাস্তায় নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে একজোট হয়েছিলেন মানুষ। সেই প্রতিবাদে শামিল হন শ্রীলেখাও। তখন তিনি হাতে একটি পোস্টার নিয়ে ছবি তোলেন। সেই পোস্টারে প্রধানমন্ত্রীর একটি কুরুচিকর ছবি প্রদর্শন করা হয়েছিল বলে অভিযোগ। পুলিশ অভিযোগপত্র জমা নিয়েছে। তবে এখনও এফআইআর দায়ের হয়নি বলে পুলিশসূত্রে খবর। প্রাথমিক অনুসন্ধান করার পর ঠিক হবে, এফআইআর করা হবে কি না। এখনও পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২ (শান্তিভঙ্গের উস্কানি), ৩৫৩ (উস্কানিমূলক আচরণে প্রকাশ্যে সমর্থন) ও ৩৫৬ (মানহানি) ধারায় অভিযোগ দায়ের হয়েছে।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন অভিনেত্রী নিজেও। তাঁর বক্তব্য, “আমি একটি বিশেষ পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, এমন একটি ছবি ছড়িয়ে পড়েছে। আমি হয়তো বিজেপিবিরোধী। কিন্তু আমাকে দেশদ্রোহী আখ্যা দিলে তা খুবই হাস্যকর। তেমনই হাস্যকর হল, কেউ যদি মনে করে থাকেন, ওই ছবি আমি ইচ্ছা করে হাতে নিয়ে দাঁড়িয়ে তুলেছি!”

By Paromita