দীর্ঘ অপেক্ষার পর ফের জম্বি-দুনিয়ায় ফিরছেন ব্র্যাড পিট। ২০১৩ সালের জনপ্রিয় ছবি ‘ওয়ার্ল্ড ওয়ার জেড’-এর সিক্যুয়েলে আবারও গেরি লেনের চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটি তৈরি করবে প্যারামাউন্ট পিকচার্স।
সিক্যুয়েলটি পরিচালনা করবেন এডওয়ার্ড বার্গার, আর চিত্রনাট্য লিখবেন ব্রিটিশ লেখক ডেনিস কেলি। অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা প্ল্যান বি এন্টারটেনমেন্ট-এর ব্যানারে ছবিটি প্রযোজনাও করবেন ব্র্যাড পিট।
২০১৩ সালের ছবিতে রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন তদন্তকারী গেরি লেনের ভূমিকায় অভিনয় করেছিলেন পিট। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ জম্বি মহামারির উৎস খুঁজতে তাঁর অভিযানের গল্পই ছিল ছবির মূল বিষয়।
সিক্যুয়েল তৈরির পরিকল্পনা এর আগে একাধিকবার ভেস্তে গিয়েছিল। ডেভিড ফিঞ্চারের পরিচালনায় ছবি তৈরির উদ্যোগও ২০১৯ সালে বাতিল হয়। এবার বার্গারের পরিচালনায় নতুন করে ছবিটি তৈরির প্রস্তুতি শুরু হয়েছে। তবে গল্প ও মুক্তির তারিখ নিয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।
