ক্রিকেটার রমনদীপের সঙ্গে বিয়ের ছবি ছড়াতেই মুখ খুললেন চার্লির প্রাক্তন প্রেমিক কুঁওয়র, কী বললেন?

নতুন জীবনে পা রাখলেন হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী চার্লি চৌহান। ৭ অগস্ট ‘কলকাতা নাইট রাইডার্স’-এর ক্রিকেটার রমনদীপ সিংহের সঙ্গে ঘর বাঁধলেন ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’ অভিনেত্রী। ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে গুরুদ্বারে শিখ রীতিতে বিয়ে সারেন তাঁরা। ইতিমধ্যেই তাঁদের বিয়ের একাধিক ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

চার্লির বিয়ের খবরে অনুরাগীদের মধ্যে যেমন চমক দেখা দিয়েছে, তেমনই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন টেলিভিশন জগতের একাধিক তারকা। তাঁদের মধ্যে অন্যতম চার্লির প্রাক্তন প্রেমিক এবং অভিনেতা কুঁওয়র অমর। সমাজমাধ্যমে প্রাক্তন প্রেমিকাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লেখেন, “তোমার এই মুহূর্তটা সত্যি হতে দেখা— এর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। তোমার সুন্দর জীবন কামনা করি। তোমার জীবনে শুধুই সুখ আসুক। ঈশ্বর তোমাদের ভালবাসা ও সুন্দর স্মৃতিতে ভরা জীবন দিন। অভিনন্দন, চৌহান সাহেব।”

২০১০-এর দশকের গোড়ার দিকে টেলিভিশন দর্শকের কাছে চার্লি এবং কুঁওয়রের জুটি ছিল বেশ পরিচিত ও জনপ্রিয়। একসঙ্গে ‘নাচ বলিয়ে ৫’-এ প্রতিযোগী হিসাবে যোগ দিয়েছিলেন তাঁরা। সমাজমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন তাঁরা। তবে মোটামুটি চার বছরের মাথায় সেই সম্পর্কে ছেদ পড়ে ২০১৫ সালে। যে যার নিজের জীবনের আলাদা পথ বেছে নেন।

চার্লির সঙ্গে বিচ্ছেদ নিয়ে এর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, সেই সময়ে দু’জনেই নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিলেন। সম্পর্ক সামলানোর মতো মানসিক পরিণতিও তাঁদের মধ্যে তখন তৈরি হয়নি। অভিনেতার কথায়, “আমরা তখন নিজেদের কেরিয়ার তৈরি করতে ব্যস্ত ছিলাম। সম্পর্কটা সামলানোর মতো পরিণত ছিলাম না। এখন আমরা বন্ধু। কিন্তু তখন সময়টা কঠিন ছিল।”

By Paromita