আগামী ৩০ অক্টোবর দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের অনুষ্ঠান। ‘অরা’ সফরের মাধ্যমে ভারতে ফিরছেন গায়ক। অনুষ্ঠান ঘিরে প্রথমে পুলিশের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হলেও পরে অনুমতি মেলে। তবে বিপুল ভিড়ের সম্ভাবনা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে প্রস্তুতি আরও জোরদার করছে দিল্লি পুলিশ।
সূত্রের খবর, অনুষ্ঠানের আয়োজকদের আরও বেশি সংখ্যায় বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমে ৪০০ জন নিরাপত্তারক্ষী মোতায়েনের পরিকল্পনা থাকলেও, তা বাড়িয়ে ১,৫০০ থেকে ২,০০০ করার পরামর্শ দিয়েছেন আধিকারিকেরা। দর্শকদের প্রবেশ ও বেরোনোর পথও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভিড় নিয়ন্ত্রণে কোনও সমস্যা না হয়।
যান চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ নজর দিচ্ছে প্রশাসন। স্টেডিয়ামের চারপাশে ৫০০ থেকে ৭০০ মিটার এলাকায় গাড়ি চলাচলে বিধিনিষেধ জারির পরিকল্পনা রয়েছে। নির্দিষ্ট কিছু এলাকায় শুধু শিল্পীদের গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হতে পারে। স্টেডিয়ামে একসঙ্গে প্রায় ৫৫ হাজার দর্শকের জায়গা রয়েছে। ফলে ভিড় সামলানোই প্রশাসনের অন্যতম বড় চ্যালেঞ্জ।
