ফের মুক্তি পাচ্ছে ‘নির্বাসিত’

দীর্ঘ দুই দশকের নির্বাসন পর্ব কাটিয়ে কলকাতায় ফিরছেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। তাঁর এই প্রত্যাবর্তনের আবহেই ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জাতীয় ও আন্তর্জাতিক মহলে প্রশংসিত বাংলা ছবি ‘নির্বাসিত’। আগামী ৩১ জুলাই ছবিটির পুনর্মুক্তি হবে, আর তার পরদিন ১ অগাস্ট কলকাতায় ফিরবেন তসলিমা।

২০০৭ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। সেই নির্বাসনের অভিজ্ঞতাই উঠে এসেছে পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘নির্বাসিত’ ছবিতে। ছবিতে লেখিকার চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী নিজেই।

‘নির্বাসিত’ ছবির গল্প আবর্তিত হয়েছে তসলিমা নাসরিন ও তাঁর পোষ্য বিড়াল ‘মিনু’-কে ঘিরে। কলকাতা থেকে বিতাড়িত হওয়ার পর তসলিমা ও মিনুর সাময়িক বিচ্ছেদ, তাঁদের মানসিক টানাপোড়েন, একাকিত্ব এবং মানুষ ও প্রাণীর সম্পর্ক ছবির মূল বিষয়। দীর্ঘ বিরতির পর ফের বড় পর্দায় ছবিটি দেখতে পাবেন দর্শকরা।

By Durgasree Mitra