একের পর এক জট কাটলেও শেষপর্যন্ত মুক্তির দিন এখনও অধরা। সলমন খানের বহুপ্রতীক্ষিত ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ আবার অনিশ্চয়তার মুখে। বলিপাড়ার একাধিক সূত্রের দাবি, ছবির ছাড়পত্র সংক্রান্ত প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। ফলে চলতি বছরের মধ্যেই ছবিটি প্রেক্ষাগৃহে আসবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। পরিস্থিতির দ্রুত সমাধান না হলে ছবির মুক্তি পিছিয়ে ২০২৭-এও গড়াতে পারে বলে জল্পনা।
২০২০ সালের গলওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্ত সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি এই ছবির নাম প্রথমে রাখা হয়েছিল ‘ব্যাটল অফ গলওয়ান’। পরে নাম বদলে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। তবে নাম পরিবর্তনের পরেও ছবির বিষয়বস্তু নিয়ে বিভিন্ন স্তরে পর্যালোচনার প্রক্রিয়া চলছে বলেই খবর। যদিও এ বিষয়ে নির্মাতাদের তরফে বা সংশ্লিষ্ট সরকারি সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
প্রথমে চলতি বছরের ১৭ এপ্রিল ছবিটি মুক্তির কথা ছিল। পরে সেই সূচি বদলানো হয়। নির্মাতাদের আশা ছিল, বছরের শেষ দিকে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কিন্তু ইতিমধ্যেই উৎসবের মরসুমে একাধিক বড় বাজেটের ছবির মুক্তির দিন নির্ধারিত হয়েছে। ফলে নতুন করে উপযুক্ত তারিখ খুঁজে পাওয়া সহজ হবে না বলেই মনে করছে বলিপাড়ার একাংশ।
শিল্পমহলের এক সূত্রের দাবি, দশেরা উপলক্ষে অক্টোবরের তৃতীয় সপ্তাহে ছবি মুক্তির সম্ভাবনা খতিয়ে দেখা হয়েছিল। আবার অক্টোবরের শেষ সপ্তাহে অন্য একটি বড় ছবির মুক্তির সম্ভাবনাও রয়েছে। ফলে নভেম্বরের আগে উল্লেখযোগ্য ফাঁকা সময় পাওয়া কঠিন। সেই কারণেই মুক্তি আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
