‘দাদাগিরি’-এর নতুন সিজনে এবার সঞ্চালনায় রয়েছেন অভিনেতা দেব। সঞ্চালকের পরিবর্তনের সঙ্গে বদল এসেছে ‘দাদাগিরি’র টাইটেল ট্র্যাকেও। এবার অরিজিৎ সিংয়ের পরিবর্তে গানটি গেয়েছেন সঙ্গীতশিল্পী ঈশান মিত্র।
এ প্রসঙ্গে ঈশান মিত্র জানান, অরিজিৎ সিংয়ের গাওয়া আগের গানটি তাঁর কাছে অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয়। পরিচালক অভিজিৎ সেন তাঁকে নতুন গানের ভাবনা বিস্তারিতভাবে বুঝিয়ে দেন। সেই ভাবনা এবং দেবের ব্যক্তিত্বকে সামনে রেখেই নিজের দলের সঙ্গে বসে নতুন ট্র্যাকটি তৈরি করেন তিনি।
ঈশান বলেন, “মহারাজ যেমন ক্রিকেটকে প্রতিনিধিত্ব করেছেন, তেমনই দেবদা সিনেমার জগতের প্রতিনিধি। সেই ভাবনা থেকেই নতুন গানের কথায় সিনেমা, অ্যাকশন এবং বক্স অফিসের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। তবে প্রথম লাইনটি অপরিবর্তিত রাখা হয়েছে, কারণ সেটি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দীর্ঘদিনের উপস্থিতির প্রতি সম্মান জানায়।”
অরিজিৎ সিংয়ের গাওয়া জনপ্রিয় টাইটেল ট্র্যাকের পর নতুন সংস্করণ গাওয়া যে সহজ ছিল না, তা স্বীকার করেছেন ঈশান। তাঁর কথায়, “আমি কখনও অরিজিৎ সিংকে অনুকরণ করতে চাইনি। নিজের স্বতন্ত্র কণ্ঠস্বরেই গানটি গাওয়ার চেষ্টা করেছি, যাতে অযথা তুলনা না হয়। প্রায় এক সপ্তাহের মধ্যে ট্র্যাকটি তৈরি করা হয়েছিল। অরিজিতের প্রতি যথাযথ সম্মান রেখেই গানটি গেয়েছি। দর্শক নতুন গানটিকে নতুন হিসেবেই গ্রহণ করেছেন, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।”
নতুন সঞ্চালক, নতুন টাইটেল ট্র্যাক এবং নতুন উপস্থাপনায় ‘দাদাগিরি’-র এই নতুন সিজন দর্শকদের কতটা মন জয় করতে পারে, এখন সেটাই দেখার।
