বন্যাবিধ্বস্ত নেপাল থেকে কলকাতায় ফিরলেন খরাজ

নেপাল থেকে কলকাতায় ফিরলেন সস্ত্রীক খরাজ মুখোপাধ্যায়। গত দু’দিন উদ্বিগ্নে কাটিয়েছেন তাঁর অনুরাগীরা। ছেলে বিহু মুখোপাধ্যায় অভিনেতার প্রতি মুহূর্তের অবস্থা জানিয়েছেন সমাজমাধ্যমে। শহরে ফিরে অভিনেতা খরাজ সকলকে আশ্বস্ত করলেন, তিনি এবং তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায় নিরাপদে ফিরেছেন কলকাতায়।

কলকাতা বিমানবন্দরে নেমে খরাজ বলেন, “আমি এবং স্ত্রী প্রতিভা কলকাতায় ফিরলাম। আমরা পোখরায় শুটিং করতে গিয়েছিলাম। তার পর অনেক সমস্যা পেরিয়ে গোরখপুরে আসি। সেখান থেকে কলকাতায়। বহু মানুষ চিন্তাপ্রকাশ করেছেন। সকলের ভালবাসায় আমরা সাবধানে কলকাতায় ফিরতে পেরেছি। আগামী দিনে আরও অনেক ভাল কাজ উপহার দেব আশা করছি।”

একই সময়ে নেপালে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাসও। অভিনেত্রী জানিয়েছিলেন তিনি তখনও নেপালেই রয়েছেন। কিন্তু নিরাপদে রয়েছেন। ছবির কাজের জন্য যাঁরা নেপালে ছিলেন তাঁরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। শুক্রবার কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরবেন নায়িকা। অন্য দিকে অভিনেতা রজতাভ দত্তও একই ছবির শুটিংয়ে নেপালে গিয়েছিলেন। তবে দুর্ঘটনার আগেই কলকাতায় ফিরে আসেন।

গত বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে হড়পা বান আসে। তিব্বত সীমান্তের কাছে গ্রামের পর গ্রাম ভেসে যায় নদীর জল ও কাদামাটির প্রবল স্রোতে। তার পর থেকে উদ্ধারকাজ চলছে। প্রতিদিনই বহু দেহ উদ্ধার করা হচ্ছে। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মারা গিয়েছেন ৪৭৫ জন। নিখোঁজ হাজারের উপর।

By Paromita