গোয়ায় নানা পটেকরের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা, তদন্তে পানাজি পুলিশ

বৃহস্পতিবার মৃত্যু হয়েছে বর্ষীয়ান অভিনেতা নানা পটেকরের। ওই দিনই চিকিৎসা সংক্রান্ত একটি মামলা দায়ের হয়েছিল। শুক্রবারের খবর, এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে গোয়ার পানাজি পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৯৪ নম্বর ধারায় এই মামলা নথিভুক্ত করা হয়েছে। ৭৫ বছর বয়সি অভিনেতা গোয়ার বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হন, তার পরে তাঁর মৃত্যু হয়।

পুলিশের নথি অনুযায়ী, ডোনা পাওলার ওশান পার্কে নিজের বাড়ি থেকে নানাকে মণিপাল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় তদন্তের দায়িত্বে রয়েছেন পুলিশ সাব-ইনস্পেক্টর নিতিন নায়েক। তদন্ত এখনও চলছে।বাড়িতে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অভিনেতাকে বাঁচানো যায়নি। এই ঘটনায় হাসপাতালে মেডিকো-লিগ্যাল কেস নথিভুক্ত হওয়ার পর পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। এই ধরনের মামলা নথিভুক্ত হওয়ার অর্থ এই নয় যে মৃত্যুর পিছনে অপরাধমূলক কারণ রয়েছে। মৃত্যুর পরিস্থিতি খতিয়ে দেখতেই পুলিশ তদন্ত করছে।

হাসপাতালের চিকিৎসক শেখর সালকর বৃহস্পতিবার বলেন, “আমাদের জরুরি বিভাগের দল যখন অভিনেতার বাড়িতে পৌঁছোয়, তখন তিনি সম্পূর্ণ অসাড় হয়ে পড়েছিলেন। তাই তারা সঙ্গে সঙ্গে হৃদ্‌যন্ত্র সচল করার চেষ্টা শুরু করে। বাড়িতেই তাঁর সিপিআর প্রক্রিয়া শুরু‌ করা হয়। সেই অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ভোর ৫টা ২০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।”

চিকিৎসক শেখর সালকর আরও বলেন, “নানা পটেকরকে ভোর ৪টে ২০ মিনিট নাগাদ আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাঁকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি।”

By Paromita