হড়পা বানে বিধ্বস্ত নেপালের পাশে আছেন, প্রথম থেকেই বার্তা দিয়েছিলেন সোনু সুদ। কথামতোই নেপালে পৌঁছেও গিয়েছেন তিনি। সোনুর দল ত্রাণের কাজে নেমে পড়েছে।
সোনু সুদ জানিয়েছেন, তাঁর ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’ ভারত থেকে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে নেপালে পৌঁছেছে। আগামী কয়েক মাসও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার পরিকল্পনা রয়েছে তাঁদের। সোনু বলেন, “আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে এসেছি। ভারত থেকে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছি। যাঁদের প্রয়োজন, তাঁদের পাশে থাকাই আমাদের লক্ষ্য। তাঁদের জীবন আবার স্বাভাবিক ছন্দে ফেরানোর চেষ্টা করব।”
ত্রাণের মধ্যে রয়েছে কম্বল ও খাবারসামগ্রী। পাশাপাশি আর কী কী প্রয়োজন, তা-ও জানার চেষ্টা করছে তাঁর দল। অভিনেতা বলেন, “আমার মনে হয়, নিজের জায়গা থেকে সাহায্য করা প্রত্যেকেরই দায়িত্ব। আমরা প্রচুর কম্বল ও খাবারসামগ্রী নিয়ে এসেছি। এখনও তাঁদের কাছে জানতে চাইছি, আর কী কী প্রয়োজন। প্রয়োজন অনুযায়ী ভারত থেকে সেগুলি পাঠানোর চেষ্টা করছি। ভারত থেকে নেপালে ত্রাণ পাঠানো সব সময়েই কিছুটা কঠিন। কারণ এর জন্য অনেক মানুষের সাহায্য প্রয়োজন।”
তিনি আরও জানান, আগামিদিনগুলিতেও ত্রাণ পাঠানোর কাজ চালিয়ে যেতে চায় তাঁর ফাউন্ডেশন। সোনুর কথায়, “আমরা নিশ্চিত করব, শুধু এই মাসে নয়, আগামী কয়েক মাসও ত্রাণসামগ্রী পৌঁছে যাবে।”
ভয়াবহ হড়়পা বানের জেরে এখনও পর্যন্ত ৯৩৯ জনের মৃত্যু হয়েছে নেপালে। জানা যাচ্ছে, নিখোঁজ ৩৯২৫ জন। নিখোঁজদের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিক রয়েছেন। রয়েছেন বেশ কয়েক জন ভারতের নাগরিকও। চলছে উদ্ধারকার্য।
