বর্ষামুখর দিনে হঠাৎ কলকাতায় কাজল!

সকাল থেকেই আকাশের মুখ ভার। কখনও ঝিরঝিরে বৃষ্টি, কখনও আবার গলদঘর্ম গরম। এর মধ্যেই কলকাতা শহরে আগমন অভিনেত্রী কাজলের। রথযাত্রার বিকেলে হঠাৎই শহরে তিনি। ছবিশিকারিদের ক্যামেরায় বন্দি হলেন। তবে ঠিক কী কারণে তিনি কলকাতায়, তা এখনও স্পষ্ট নয়।

হাসতে হাসতেই বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গাড়িতে ওঠেন বাঙালি অভিনেত্রী। তবে কী কারণে তিনি কলকাতায় এলেন, তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

২০২৫ সালে পর পর বেশ কিছু কাজ করেছেন কাজল। তার মধ্যে অন্যতম তাঁর ওয়েব সিরিজ় ‘দ্য ট্রায়াল’-এর দ্বিতীয় সিজ়ন। তৃতীয় সিজ়নটি মুক্তি পাওয়ার কথা এই বছরেই। এ ছা়ড়াও ২০২৫-এই মুক্তি পায় কাজলের ভৌতিক ছবি ‘মা’। এই ছবিটিও দর্শকমহলে সাড়া ফেলেছিল। দীর্ঘ আলোচনা হয় এই ছবি নিয়ে। এই বছরই কাজলের আরও একটি ছবি ‘সরজ়মিন’ ওটিটি-তে মুক্তি পায়। সেই ছবিতে অভিনয় করেছিলেন ইব্রাহিম আলি খানও। তবে ২০২৫ সালে কাজলকে আরও এক ভূমিকায় দেখা গিয়েছিল। টুইঙ্কল খন্নার সঙ্গে একটি সাক্ষাৎকারের অনুষ্ঠানে সঞ্চালিকার ভূমিকায় দেখা গিয়েছিল। ‘টু মাচ’ নামে সেই অনুষ্ঠানও জনপ্রিয়তা পেয়েছিল।

তার আগের বছর অর্থাৎ ২০২৪ সালে পুলিশকর্মীর চরিত্রে অভিনয় করেও নজর কাড়েন কাজল। সেখানে এক অন্য উপভাষায় সংলাপ বলতে দেখা গিয়েছিল তাঁকে। প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। অভিনয় ছাড়াও পরিষ্কার মতামতের জন্য বার বার খবরে উঠে আসেন অভিনেত্রী। তা ছাড়া, প্রতি বছর মুম্বইয়ে তাঁদের বাড়িতে দুর্গাপুজো নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকে তুঙ্গে। রথযাত্রার দিন কলকাতায় তাঁর আকস্মিক আগমন নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।

By Paromita