বেশ কিছু দিন ধরেই ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় র্যাপার-গায়ক বাদশা। চলতি বছরের মার্চে পঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখীর সঙ্গে তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসে। সোমবারই তাঁরা বিচ্ছেদ ঘোষণা করলেন। এর আগে বিয়ের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বাদশা এত দিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলেননি। অন্য দিকে, ঈশা আগেই তাঁদের সম্পর্ক এবং বিয়ের কথা নিশ্চিত করেছিলেন।
বিয়ের খবর প্রকাশ্যে আসার কয়েক মাসের মধ্যেই সোমবার সন্ধ্যায় বাদশা নিজেই জানিয়ে দিলেন, ঈশার সঙ্গে তাঁর পথ আলাদা হয়ে গিয়েছে। সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে র্যাপার জানান, তাঁরা দু’জনে পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে অনুরাগী এবং সংবাদমাধ্যমের কাছে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার আবেদন জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে বাদশা লেখেন, “পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ে সকলের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ করছি।” এই প্রথম তাঁদের দাম্পত্যের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন বাদশা। বেশ কিছুদিন ধরেই তাঁদের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। এ বার সেই জল্পনায় সিলমোহর পড়ল।
এর আগে জুলাই মাসে ঈশা সমাজমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছিলেন। তাঁর সেই পোস্টের পরেও ব্যক্তিগত জীবনে সমস্যা নিয়ে জল্পনা আরও বাড়ে। ঈশা জানিয়েছিলেন, তিনি দীর্ঘদিন ভয় এবং মানসিক চাপের মধ্যে ছিলেন। তাঁর স্বামীর ‘প্রভাব এবং ক্ষমতা’র কারণেই তিনি এমন পরিস্থিতির মধ্যে ছিলেন বলে ইঙ্গিত করেছিলেন অভিনেত্রী।
নীরব থাকা যে পরিস্থিতিকে মেনে নেওয়ার লক্ষণ নয়, বরং টিকে থাকার একটি উপায় ছিল— সেই ইঙ্গিতও দিয়েছিলেন ঈশা। পাশাপাশি, সব কিছু ঠিকঠাক রয়েছে এমন ভান না করে নিজের বক্তব্য প্রকাশ্যে জানানোর জন্য তিনি প্রস্তুত বলেও ইঙ্গিত করেছিলেন।
