এখনও মুক্তি পায়নি ‘জেলর ২ । তার আগেই এক ঝলকে দর্শকের কৌতূহল বাড়িয়ে দিলেন বিদ্যা বালন। রজনীকান্তের বহু প্রতীক্ষিত ছবিতে ‘কান্তা’ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। রবিবার তাঁর চরিত্রের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
ছোট্ট ভিডিয়োয় দেখা গিয়েছে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নীচে নামছেন বিদ্যা। পরনে নীল শাড়ি, হাতে সিগারেট। চোখেমুখে আত্মবিশ্বাস, হাঁটাচলায় একরকম ঔদ্ধত্য— চরিত্রটি যে বেশ তেজি, সেই ইঙ্গিত মিলেছে প্রথম কয়েক সেকেন্ডেই। খুব বেশি সংলাপ নেই, কিন্তু কয়েক মুহূর্তের উপস্থিতিতেই যেন গোটা দৃশ্যের দখল নিয়ে নিয়েছেন অভিনেত্রী।
বিদ্যার এই নতুন অবতার নজর এড়ায়নি অনুরাগীদের। কেউ তাঁর ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতির প্রশংসা করেছেন, কেউ আবার বলেছেন, ছবিতে বিদ্যার সংযোজন তাঁদের ‘জেলর ২’ দেখার আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। রজনীকান্তের সঙ্গে বিদ্যাকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষাতেও রয়েছেন অনেকে।
তবে শুধু বিদ্যা নন, তাঁর চরিত্রের পরিচয়পর্বে অনিরুদ্ধ রবিচন্দ্রনের আবহসঙ্গীতও আলাদা করে নজর কেড়েছে। অভিনেত্রীর প্রবেশের সঙ্গে তালে তালে চড়তে থাকা সেই সুর দৃশ্যটির ভার আরও বাড়িয়েছে।
নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলর ২’-এ ফের ‘টাইগার’ মুথুভেল পাণ্ডিয়ান চরিত্রে ফিরছেন রজনীকান্ত। ছবিতে রয়েছেন রম্যা কৃষ্ণন, যোগী বাবু, এস জে সূর্য, সুরজ ভেঞ্জারামূড়ু-সহ একঝাঁক অভিনেতা। ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ‘কান্তা’ চরিত্রের বিস্তারিত এখনও প্রকাশ্যে আসেনি।
