নিজস্বী তুলতে অনুরাগীদের ভিড়, আবদার এড়াতে কী করলেন অরিজিৎ?

মুর্শিদাবাদের একটি ধাবায় নৈশভোজ করতে গিয়ে অনুরাগীদের ভিড়ের মুখে পড়লেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ। বৃহস্পতিবার মধ্যরাতে ধাবা থেকে বেরোতেই তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। কেউ নিজস্বী তোলার আবদার করেন, কেউ আবার দূর থেকে ছবি তুলতে চান। তবে ব্যক্তিগত পরিসর বজায় রাখতে সকলের আবদার এড়িয়ে হাসতে হাসতেই দৌড়ে গাড়িতে উঠে পড়েন গায়ক।

জানা গিয়েছে, ১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ধাবায় কয়েকজন সঙ্গীকে নিয়ে নৈশভোজ করতে গিয়েছিলেন অরিজিৎ। পরনে ছিল সাধারণ টি-শার্ট ও প্যান্ট। তাঁকে দেখতে পেয়েই মুহূর্তে ছড়িয়ে পড়ে খবর। এরপরই মোবাইল ক্যামেরা নিয়ে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। পরিস্থিতি বেগতিক দেখে  বারবার ছবি তুলতে অনিচ্ছা প্রকাশ করেন গায়ক। পরে সঙ্গীদের নিয়ে দ্রুত গাড়ির দিকে চলে যান তিনি।

ঘটনার কয়েক সেকেন্ডের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। একাংশের মতে, জনপ্রিয় শিল্পী হলেও অরিজিতের ব্যক্তিগত পরিসরকে সম্মান করা উচিত। অন্যদিকে, কয়েকজন অনুরাগীর আবদার মেটাতে ছবি তুললে ক্ষতি কী ছিল, সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। তবে বরাবরের মতোই প্রচারের আলো থেকে দূরে থাকতেই স্বচ্ছন্দ অরিজিৎ।

By Durgasree Mitra