বিশ্বকাপ নিশ্চিত আফগানিস্তানের, চাপে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

আয়ারল্যান্ডকে ৯২ রানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে আফগানিস্তান। শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে রশিদ খানের দুর্দান্ত বোলিংয়ে এই জয় পায় আফগানরা। ৭.৪ ওভারে ৩৪ রান দিয়ে ৬ উইকেট নেন রশিদ। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৭ ওভারে ৮ উইকেটে ২৯৯ রান তোলে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান করেন ৮৪ রান। জবাবে ২০৭ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ফলে ৯২ রানের জয় নিশ্চিত হয় আফগানদের।

এই জয়ের পর আফগানিস্তান আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে রয়েছে এবং ৩০ সেপ্টেম্বরের কাট-অফের আগে সেরা দশের বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে ২০২৭ বিশ্বকাপের সরাসরি যোগ্যতা নিশ্চিত করেছে তারা। ২০২৭ বিশ্বকাপে মোট ১৪টি দল খেলবে। আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে সরাসরি জায়গা পেয়েছে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার পর আফগানিস্তানও সরাসরি যোগ্যতা অর্জন করল।

ফলে সরাসরি যোগ্যতার বাকি একটি জায়গার জন্য লড়াই এখন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। ২৭ সেপ্টেম্বর থেকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজের ফল তাদের বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

By Durgasree Mitra