বলিউডে নতুন প্রেমের গুঞ্জন! একান্তে হর্ষবর্ধন ও সঞ্জীদা? এ বার কি সম্পর্কে সিলমোহর দিলেন তাঁরা?

অনেক দিন ধরেই জল্পনা চলছে, অভিনেতা হর্ষবর্ধন রানে এবং অভিনেত্রী সঞ্জীদা শেখ নাকি সম্পর্কে রয়েছেন। যদিও দু’জনের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। তবে জল্পনা থামানোর চেষ্টাও করেননি। কিছু দিন আগে তাঁদের জঙ্গল সফরের আলাদা আলাদা ছবি দেখে অনুরাগীদের সন্দেহ জোরাল হয়েছিল। এ বার তাঁদের নতুন পোস্ট ঘিরে সেই জল্পনা আরও ঘনীভূত করল।

সম্প্রতি পুণের এক রিসর্টে কাটানো সময়ের একাধিক ছবি পোস্ট করেন হর্ষবর্ধন। বর্ষার ছুটিতে প্রকৃতির মাঝেই সময় কাটাতে দেখা যায় তাঁকে। কখনও স্টোভে নিজের খাবার রান্না করছেন, কখনও সবুজে ঘেরা পরিবেশে বসে চায়ে চুমুক দিচ্ছেন, আবার কখনও ছোট্ট কুটিরে নিরিবিলি সময় কাটাচ্ছেন। সেই সফরের একাধিক মুহূর্তই ভাগ করে নেন অভিনেতা।

তার পর একই জায়গা থেকে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন সঞ্জীদা। অনুরাগীদের নজর এড়ায়নি, দু’জনের ছবি একই জায়গায় তোলা। এমনকি দু’জনের পোস্টেই দেখা গিয়েছে দু’কাপ চা এবং একই ধরনের স্টোভ। তার পর থেকেই অনেকের প্রশ্ন, তা হলে কি সপ্তাহান্ত একসঙ্গেই কাটিয়েছেন তাঁরা?

মুহূর্তের মধ্যে মন্তব্যে ভরে যায় দুই তারকার পোস্ট। সঞ্জীদার ছবিতে এক অনুরাগী লেখেন, “তা হলে কি সত্যিই দু’জনে সম্পর্কে রয়েছেন?” আর এক জনের মন্তব্য, “অবশেষে নিশ্চিত, হর্ষবর্ধনের জীবনের সেই বিশেষ মানুষ সঞ্জীদাই।” অন্য দিকে, হর্ষবর্ধনের পোস্টে এক জন প্রশ্ন করেন, “দ্বিতীয় চায়ের কাপটি কার জন্য?” জবাবে আর এক অনুরাগীর মন্তব্য, “ওটা সঞ্জীদার জন্য।”এমন ঘটনা অবশ্য এই প্রথম নয়। এর আগেও সমাজমাধ্যমের পোস্ট ঘিরে তাঁদের সম্পর্কের জল্পনা ছড়িয়েছিল। ২০২৩ সালের জুন মাসে গির অরণ্যে জঙ্গল সাফারির আলাদা আলাদা ছবি পোস্ট করেছিলেন হর্ষবর্ধন ও সঞ্জীদা। কোনও ছবিতেই অবশ্য একসঙ্গে দেখা যায়নি তাঁদের। কিন্তু একই জায়গা ও একই সাফারি গাড়ি দেখে অনুরাগীদের একাংশের দাবি ছিল, দু’জনে একসঙ্গেই বেড়াতে গিয়েছিলেন। তবে সেই সময়ও সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করেননি তাঁরা। এ বারে পোস্ট করা ছবি দেখে অনুরাগীদের অনুমান, পরোক্ষ ভাবে জল্পনায় সিলমোহরই দিচ্ছেন হর্ষবর্ধন ও সঞ্জীদা। তাঁদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

By Paromita