সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু ‘বিগ বস্‌ বাংলা’, কেমন সেই বাড়ির অন্দরমহল?

মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে তৈরি হয়েছে ‘বিগ বস্ বাংলা’র নতুন সেট। প্রায় ১০ হাজার বর্গফুট জায়গাজুড়ে তৈরি এই বাড়িতে ইতিমধ্যেই প্রবেশ করেছেন বাংলা বিনোদন, ক্রীড়া ও নেটদুনিয়ার পরিচিত মুখেরা। কড়া নিরাপত্তার মধ্যে চলছে শুটিং ও প্রতিযোগীদের থাকার ব্যবস্থা।

‘বিগ বস্’-এর ঘরের নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকতে হবে। ঘরে নেই কোনও ঘড়ি, নেই ব্যক্তিগত যোগাযোগের সুযোগ। এমনকি সাংবাদিকদেরও সেটে প্রবেশের আগে মোবাইল ফোন জমা দিতে হয়। বায়োমেট্রিক নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে তবেই সেটে প্রবেশের অনুমতি মেলে।

মুম্বইয়ে সেট তৈরি হলেও সাজসজ্জায় রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া। রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতির পাশাপাশি রয়েছে বাগান, সুইমিং পুল, ছোট জিম এবং বিভিন্ন বসার জায়গা। কাচের দরজা পেরিয়ে রয়েছে মূল লিভিং এরিয়া, যেখানে প্রতিযোগীরা ‘বিগ বস্’ ও সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন এবং বিভিন্ন টাস্কে অংশ নেবেন।

সেটজুড়ে রয়েছে ৮০টিরও বেশি ক্যামেরা, ফলে প্রতিযোগীদের ব্যক্তিগত পরিসর কার্যত নেই। রয়েছে সারি সারি বিছানা এবং মাত্র দুটি শৌচাগার ও স্নানের জায়গা। শেষপর্যন্ত কে এই সীমাবদ্ধ পরিবেশে মানিয়ে নিয়ে টিকে থাকতে পারেন, সেটিই হয়ে উঠবে ‘বিগ বস্ বাংলা’র অন্যতম আকর্ষণ।

By Durgasree Mitra