দীপিকার সংলাপে ‘মুগ্ধ’ অ্যাকাডেমি! আন্তর্জাতিক মঞ্চে ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’ ছবির বিশেষ মুহূর্ত

দীপিকা পাড়ুকোনের জনপ্রিয় চরিত্র নৈনা তলওয়ারকে এ বার জায়গা করে নিল অ্যাকাডেমি পুরস্কার সংস্থার ইনস্টাগ্রামে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’ ছবির একটি দৃশ্য নিজেদের সমাজমাধ্যমের পাতায় প্রকাশ করেছে তারা।

ছবিটি পরিচালনা করেছিলেন অয়ন মুখোপাধ্যায়। ছবির একটি তাৎপর্যপূর্ণ দৃশ্য ভাগ করে নিয়েছে তারা। অ্যাকাডেমির প্রকাশ করা দৃশ্যটির সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, “নৈনার কাছ থেকে মনে রাখার মতো একটি কথা, ‘চোখের সামনে যেটা রয়েছে, সেটাকেই উপভোগ করো।”

দৃশ্যটিতে দেখা গিয়েছিল, অদিতির (কল্কি কেকলাঁ অভিনীত চরিত্র) বিয়ের ঠিক আগে উদয়পুরে সূর্যাস্তের সময় নৈনা এবং বানি একসঙ্গে গল্প করছে। বানির চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কপূর। বানি চরিত্রটি এক জায়গায় থাকতে পছন্দ করে না। পরের গন্তব্যস্থল কোথায়, তা নিয়ে ব্যস্ত থাকে। তখনই নৈনা তাকে বোঝায়, জীবনে সব কিছু একসঙ্গে দেখা, করা বা অনুভব করাও সম্ভব নয়। তাই বর্তমান মুহূর্তটাকেই উপভোগ করা উচিত। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ দৃশ্য এটি। কারণ, এখানেই নৈনা উচ্চাকাঙ্ক্ষী বানিকে বোঝায়, জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করাও জরুরি। ভবিষ্যতের দিকে ছুটতে ছুটতে বর্তমানকে হারিয়ে ফেলা উচিত নয়।

‘ইয়ে জওয়ানী হ্যায় দিওয়ানী’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর কপূর, আদিত্য রায় কপূর এবং কল্কি কেকলাঁ। ২০১৩ সালে মুক্তির পর থেকেই ছবিটি দর্শকের অত্যন্ত পছন্দের হয়ে ওঠে। সেই ছবিরই অংশ এ বার অ্যাকাডেমির নজরে।

By Paromita