‘হনুমান অংশ’ ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহের তুঙ্গে। পাশাপাশি উত্তরাখণ্ডের কাইঞ্চি ধামেও বেড়েছে ভক্তদের ভিড়। ছবিটি মুক্তির পর নিম করোলি বাবার আশ্রমে দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বলে দাবি করা হচ্ছে। পরিস্থিতি নিয়ে এবার ভক্তদের সতর্ক করলেন ছবির পরিচালক বিশাল চতুর্বেদী।
রবিবার সন্ধ্যায় সমাজমাধ্যমে এক ভিডিওবার্তায় পরিচালক জানান, বর্তমানে কাইঞ্চি ধামে অত্যধিক ভিড় হচ্ছে। তাঁর কথায়, ছবিটি দেখার পর অনেকেই সেখানে যাচ্ছেন বলে খবর মিলছে। তবে ছবির সঙ্গে এই ভিড়ের সরাসরি সম্পর্ক থাকুক বা না থাকুক, পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়ে তবেই সেখানে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বিশাল বলেন, অতিরিক্ত ভিড়ের কারণে শিশু ও মহিলাদের অসুবিধায় পড়ার পাশাপাশি যানজটেও আটকে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আপাতত কাইঞ্চি ধাম যাওয়ার পরিকল্পনা থাকলে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রয়োজনে নিম করোলি বাবার অন্য আশ্রম বা বৃন্দাবনের মতো জায়গায় যাওয়ার পরামর্শও দিয়েছেন পরিচালক।
