জল্পনা সত্যি করে কি বিয়ে সারলেন জেনিফার?

মাসখানেক আগেই গুঞ্জন ছড়িয়েছিল, শীঘ্রই নাকি বিয়ে করতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইনগেট। এখন খবর, গত ১৬ জুলাই লন্ডনে এক ঘরোয়া অনুষ্ঠানে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন অভিনেত্রী। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত জেনিফার বা উইলিয়ামের কেউই আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করেননি।

তবে এই জল্পনার মাঝেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে জেনিফারের বিয়ের গাউন তৈরির নেপথ্যে একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, নামী সংস্থার ‘কাস্টম-মেড’ বিয়ের গাউন বেছে নিচ্ছেন অভিনেত্রী। পরে দেখেও নিচ্ছেন নায়িকা। ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়ো ক্লিপে গাউনের সূক্ষ্ম নকশা ও কারুকাজ নিয়ে জেনিফারকে বেশ উত্তেজিত দেখা যায়। বিয়ের ‘লুক’ নিয়ে উচ্ছ্বসিত আলোচনা করতেও দেখা যায় তাঁকে। অভিনেত্রীকে মাথায় বিয়ের ‘ভেল’ বা ওড়না পরতেও দেখা যায়।

অভিনেত্রীর একটি ‘ফ্যান পেজ’ তাঁর গাউনের প্রথম নকশা থেকে শুরু করে শেষ ফিটিং পর্যন্ত একাধিক ছবি ও ভিডিয়ো শেয়ার করেছে। সেগুলি প্রকাশ্যে আসতেই মন্তব্যবাক্সে শুভেচ্ছার বন্যা। অনেকেই নবদম্পতির সুখী জীবন কামনা করেছেন।

By Paromita