সাম্প্রতিক ভ্লগে সুখবর দিলেন দীপিকা কক্কড়। কাজে ফিরছেন তিনি। স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি মিউজ়িক ভিডিয়োয় দেখা যাবে তাঁকে। সেই কাজের জন্য ইতিমধ্যে নাচের মহড়াও শুরু করেছেন অভিনেত্রী। তবে পুরোপুরি ধারাবাহিকে কবে ফিরবেন অভিনেত্রী? ওজন কমেছে ঠিকই, কিন্তু চিকিৎসা চলাকালীন ধারাবাহিকে অভিনয় করা তাঁর পক্ষে সম্ভব হবে বলে মনে করছেন না দীপিকা।
মিউজ়িক ভিডিয়ো প্রসঙ্গে দীপিকা বলেন, “দেখুন, এই মুহূর্তে আমার শরীরের যা অবস্থা, প্রতিদিনের ধারাবাহিকে কাজ করতে পারব বলে মনে হয় না। আর এই ধরনের চিকিৎসা চলাকালীন কেউ কেনই বা আমাকে কাজে নেবেন? এটা তো বোঝাই যাচ্ছে।”
তিনি আরও জানান, শারীরিক অবস্থার কারণে ছোটপর্দার শুটিং করা কঠিন হলেও, এক দিনের কোনও প্রজেক্ট সামলানো তাঁর পক্ষে সম্ভব। দীপিকার কথায়, “এ নিয়ে বেশি ভাবার কিছু নেই। চিকিৎসা চলছে, তার পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে— এটাই স্বাভাবিক। তবে একটি গানের শুটিং যদি এক দিনেই করা যায়, তা হলে সেটা নিশ্চয়ই সামলানো সম্ভব।”
দীর্ঘ বিরতির পর ফের নাচের মহড়ায় ফিরে প্রথম দিকে প্রতি ১০ মিনিট অন্তর বিরতি নিতে হচ্ছিল দীপিকাকে। তাতেই নিজের শরীর কতটা দুর্বল হয়ে পড়েছে, তা বুঝতে পারেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন, গানটির শুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। নতুন কাজ নিয়ে একই সঙ্গে তিনি উদ্বিগ্ন ও উত্তেজিত।
