বাজারে এলো রয়্যাল এনফিল্ডের ‘সিগনেচার হোয়াইট’ ক্লাসিক ৩৫০

২৫০ সিসি থেকে ৭৫০ সিসি মোটরসাইকেল সেগমেন্টের শীর্ষস্থানীয় ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড আজ তাদের নতুন ২০২৬ ক্লাসিক ৩৫০ ‘সিগনেচার হোয়াইট’ এডিশন নিয়ে এসেছে। শহরের দৈনন্দিন যাতায়াত বা দীর্ঘ দূরত্বের রাইডকে আরও সহজ ও আরামদায়ক করে তুলতে নতুন এই বাইকটিতে বেশ কিছু আধুনিক ও রাইডার-কেন্দ্রিক ফিচার যুক্ত করা হয়েছে।
বাইকটিতে রাইডার এবং পিলিয়নের জন্য প্রিমিয়াম ব্রাউন টুরিং সিট দেওয়া হয়েছে। এ ছাড়া ফুয়েল ট্যাঙ্কে নতুন ক্লাসিক লোগো ও স্টেনসিল-স্টাইলের ডিকাল এবং দুই পাশেই রয়্যাল এনফিল্ডের ব্যাজ সহ এর লুকে এক শৈল্পিক ছোঁয়া রাখা হয়েছে। দৈনন্দিন শহুরে যাতায়াত এবং দীর্ঘ যাত্রায় ক্লাচ লিভারের চাপ কমাতে এতে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ এবং অ্যাডজাস্টেবল ক্লাচ ও ব্রেক লিভার যুক্ত করা হয়েছে। পাশাপাশি, রাইডাররা যাতে পথ চলতি অবস্থায় তাঁদের স্মার্টফোন বা ডিভাইস চার্জ করতে পারেন, তার জন্য একটি ইউএসবি টাইপ-সি ফাস্ট চার্জিং পোর্ট এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন সুবিধা দিতে ট্রিপার পডকে স্ট্যান্ডার্ড হিসেবে রাখা হয়েছে।
ক্লাসিক ৩৫০-এর ইমেরাল্ড গ্রিন এডিশনের পাশাপাশি এটিও অন্যতম টপ ভেরিয়েন্ট হিসেবে পাওয়া যাবে। আজ থেকেই সমস্ত অনুমোদিত রয়্যাল এনফিল্ড স্টোরে বাইকটি পাওয়া যাচ্ছে এবং এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ২,২৪,২৭৫ টাকা (এক্স-শোরুম, চেন্নাই)। উল্লেখ্য, ২০০৮ সালে চালুর পর থেকেই রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ তার ক্লাসিক ডিজাইন, পুরনো দিনের নান্দনিকতা এবং আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের মেলবন্ধনের জন্য প্রজন্মের পর প্রজন্ম ধরে রাইডারদের অন্যতম পছন্দের বাইক হয়ে উঠেছে।

By Business Bureau