ডেঙ্গুতে আক্রান্ত ‘বালিকা বধূ’ খ্যাত অভিনেত্রী অভীকা গোর। অভিনেত্রীর স্বামী মিলিন্দ চাঁদওয়ানি শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে তাঁর অসুস্থতার কথা জানান।
মিলিন্দের দাবি, গত পাঁচ দিন ধরে অভীকার ১০৩-১০৪ ডিগ্রি জ্বর ছিল। প্রথমে ওষুধ খেয়ে সুস্থ হওয়ার চেষ্টা করলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে।
অসুস্থতার মধ্যেও কাজ চালিয়ে যাওয়ায় অভীকার পেশাদারিত্বের প্রশংসা করেছেন মিলিন্দ। তিনি জানান, ১০৪ ডিগ্রি জ্বর নিয়েও অভিনেত্রী একটি দুই দিনের শুটিং এক দিনেই শেষ করেন। এরপর কিছুদিন বিশ্রামে থাকলেও সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই দিল্লিতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে যান। তাঁর এই দায়িত্ববোধ ও কাজের প্রতি নিষ্ঠায় গর্বিত বলেও জানান মিলিন্দ। অভীকার দ্রুত আরোগ্য কামনা করে ভক্তদের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন তিনি।
