র্যাপ গায়ক বাদশার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছেন পঞ্জাবি অভিনেত্রী ঈশা রিখী। বর্তমানে তিনি রয়েছেন জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ২০’-তে। সেখানেই নিজের ভাঙা সম্পর্ক নিয়ে মুখ খুললেন তিনি। সহ-প্রতিযোগী কণিকা মানের সঙ্গে কথোপকথনে ঈশা ইঙ্গিত দেন, তাঁর প্রাক্তন সঙ্গী সম্পর্ক চেয়েছিলেন ঠিকই, কিন্তু সেই সম্পর্কের দায়িত্ব নিতে চাননি।
আড্ডার মাঝেই কণিকা ঈশাকে জিজ্ঞেস করেন, কী ধরনের প্রতারণার মুখে পড়েছিলেন তিনি? শারীরিক, মানসিক, না সামাজিক? উত্তরে ঈশার সাফ জবাব, “সব দিক থেকেই।” এর পরে সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথা তুলে ধরেন ঈশা। তিনি জানান, প্রমাণ ছাড়া তিনি কোনও কিছু বিশ্বাস করেন না। সম্পর্কের ক্ষেত্রেও তা-ই হয়েছিল। ঈশার কথায়, “কেউ যদি এসে কিছু বলে, আমি বলি, প্রমাণ দেখাও, না হলে আমাকে কিছু বলতে এসো না।”
তিনি জানান, সম্পর্ক চলাকালীন অনেক সময়ে সন্দেহ হলেও তা বিশ্বাস করতে চাননি। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই বুঝতে পেরেছেন, এত দিন ধরে তাঁকে বোকা বানানো হচ্ছিল। ঈশার কথায়, “সম্পর্ক শেষ হওয়ার পরেই বুঝতে পারি, এত দিন ধরে আমার সঙ্গে খেলাই চলছিল।”
ঈশা জানান, তাঁকে তাঁর স্বামীর সব বন্ধু বা পরিচিতদের সঙ্গে পরিচয় করানো হয়নি। কেবল একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যেই তাঁকে রাখা হয়েছিল। বাদশা সম্পর্কে ঈশা বলেন, “সুবিধার জন্য এমন কাউকে ও জীবনে রাখতে চায়, যার কাছ থেকে কিছু পাওয়া যায়। কিন্তু তার বদলে কোনও দায়িত্ব নিতে চায় না।” ঈশার বক্তব্য, সম্পর্কে থেকেই প্রতারণার আশ্রয় নিয়েছিলেন তাঁর সঙ্গী।
