নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানের জেরে আটকে পড়েছেন তাঁরা। খরাজের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়।শুটিং চলছিল রাসুয়া জেলার দুর্গম এলাকায়। আচমকা প্রবল বৃষ্টির সঙ্গে পাহাড়ি নদীতে জল বাড়তে শুরু করে। এর পরই হড়পা বান ও ধসের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় রাস্তা ও সেতুর একাধিক অংশ। ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় পরিকাঠামোও। ফলে একদিকে যেমন শুটিং বন্ধ হয়ে গিয়েছে, অন্যদিকে কলকাতায় ফেরাও আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।
খরাজের সঙ্গে যোগাযোগ নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হলেও তাঁর আহত হওয়ার কোনও খবর নেই। দুর্যোগের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়াতেই নিয়মিত যোগাযোগ করা সম্ভব হয়নি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা। যোগাযোগ করা হলে খরাজ ফোনে বলেন, “বাংলাদেশের একটি ছবির শুটিং করতে এসেছি ২০ অগস্ট। ২৬ তারিখ ফেরার কথা ছিল। বৃষ্টির কারণে আটকে পড়েছি। ভয়ঙ্কর বন্যা। ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। রাস্তায় যাতায়াত করার অবস্থা নেই। গোরখপুর থেকে ২৮ তারিখের প্লেন ধরে কলকাতা ফিরব।”
একই ছবির শুটিংয়ে রজতাভও ছিলেন। তবে তাঁর কাজ শেষ হয়ে যাওয়ায় আগে ফিরে এসেছেন। ছবির নাম ‘শিকার’। এই ছবিতে নায়িকা হিসাবে দেখা যাবে অপু বিশ্বাসকে।
