দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন কিয়ারা ও সিদ্ধার্থ, ফের মা-বাবা হতে চলেছেন তারকাদম্পতি

দ্বিতীয় সন্তান আসন্ন। বুধবার সকালে সুখবর দিলেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্র। গত বছরের ১৬ জুলাই প্রথম সন্তানের জন্মের খবর প্রকাশ্যে এনেছিলেন তারকাদম্পতি। এ বার জানালেন, তাঁরা ফের মা-বাবা হতে চলেছেন।

বুধবার সকালে একটি এক জোড়া ছোট্ট সাদা মোজার ছবি পোস্ট করলেন কিয়ারা ও সিদ্ধার্থ। তাঁদের হাতের উপরেই রাখা সেই ছোট্ট মোজা। আর সেই মোজার উপরে রাখা প্রথম সন্তানের খুদে হাত। ক্যাপশনে তাঁরা লিখেছেন, “আরও এক বার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার আসতে চলেছে। আমাদের মন ভালবাসা ও কৃতজ্ঞতায় ভরে রয়েছে।” কিয়ারা ও সিদ্ধার্থের এই পোস্ট শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। করীনা কপূর খান মন্তব্য করেছেন, “আবার তোমরা মা-বাবা হতে চলেছ! দারুণ!” কর্ণ জোহর, শোভিতা ধুলিপালা, ডব্বু রত্নানী-সহ আরও অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন দম্পতিকে।

এই একই কায়দায় প্রথম সন্তানেরও সুখবর দিয়েছিলেন তারকাদম্পতি। সেই সময়ে অবশ্য শুধু সিদ্ধার্থ ও কিয়ারার হাতই ছিল। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি প্রথম বার মা-বাবা হতে চলার খবর প্রকাশ্যে এনেছিলেন তাঁরা। সেই সঙ্গে তাঁরা লিখেছিলেন, “আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার শীঘ্রই আসছে।” এর পরে গত বছর ১৬ জুলাই তাঁরা জানান, তাঁদের কোলে এসেছে কন্যাসন্তান। কন্যার প্রথম ঝলক প্রকাশ করার সময়েও সেই সাদা মোজার বিশেষ ভূমিকা ছিল। সাদা মোজা পরা খুদে এক জোড়া পায়ের ছবি তাঁরা গত বছর নভেম্বর মাসে পোস্ট করেছিলেন। অর্থাৎ ওই এক জো়ড়া সাদা মোজা যে বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধার্থ ও কিয়ারার জীবনে, তা বোঝাই যায়।

২০২৫ ও ২০২৬, এই দু’টি বছরই সিদ্ধার্থ ও কিয়ারার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে মা হয়েছেন কিয়ারা। পাশাপাশি দু’টি গুরুত্বপূর্ণ ছবি ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার ২’ মুক্তি পেয়েছিল। যদিও ছবি দু’টি বক্সঅফিসে তেমন ছাপ ফেলেনি। ২০২৬ সালেও সন্তান আসার খবর দিলেন তিনি। পাশাপাশি এই বছরেই কিয়ারার বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’ মুক্তি পেয়েছে। এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অন্য দিকে ২০২৫ সালে সিদ্ধার্থের ছবি ‘পরম সুন্দরী’ মুক্তি পেয়েছিল। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘দ্য বন’। দু’টি ছবিই মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে।

By Paromita