চণ্ডীগড়ে সলমন খানের নামে তৈরি হতে পারে একটি বড় আবাসন প্রকল্প। জানা গিয়েছে, বহুতল এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই তিনটি নাম নথিভুক্ত করা হয়েছে—‘এসকে টাওয়ার্স’, ‘দ্য সলমন টাওয়ার্স’ এবং ‘সলমন খান টাওয়ার্স’। তবে শেষপর্যন্ত কোন নামটি রাখা হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার মুম্বইয়ে সলমনের উপস্থিতিতে প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।
শুধু একটি বহুতল নয়, প্রকল্পটি আরও বড় আকারের হতে পারে বলে খবর। আধুনিক বিভিন্ন সুযোগ-সুবিধাও থাকার কথা। প্রকল্পটির সঙ্গে একটি স্থানীয় ও একটি আন্তর্জাতিক আবাসন সংস্থা যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারই প্রকল্পের চূড়ান্ত নাম ও বিস্তারিত পরিকল্পনা প্রকাশ্যে আসতে পারে।
এদিকে, দীর্ঘদিনের ঠিকানা বান্দ্রার গ্যালাক্সি ছেড়ে সলমন ও তাঁর পরিবার নতুন বাড়িতে উঠবেন কি না, তা নিয়েও জল্পনা রয়েছে। বান্দ্রার চিমবাই এলাকায় সমুদ্রমুখী ছ’তলা আবাসিক ভবন তৈরির অনুমতি পেয়েছে খান পরিবার। সম্পত্তিটি সলমনের মা সালমা খানের নামে রয়েছে।
