লস অ্যাঞ্জেলসে ‘রামায়ণ’-এর বিশেষ প্রদর্শনীতে এক ফ্রেমে রণবীর-পূর্ণা!

২০১৩ সালের জনপ্রিয় ছবি ‘ইয়ে জওয়ানী হ্যায় দীওয়ানী’র স্মৃতি আবারও উস্কে দিলেন অভিনেত্রী পূর্ণা জগন্নাথন। লস অ্যাঞ্জেলসে ‘রামায়ণ: পার্ট ১’-এর বিশেষ প্রদর্শনীতে রণবীর কাপুরের সঙ্গে দেখা হল তাঁর। সেই সাক্ষাতের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিতেই চর্চা শুরু হয়েছে অনুরাগীদের মধ্যে।

‘ইয়ে জওয়ানী হ্যায় দীওয়ানী’ ছবিতে রিয়ানা সারাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন পূর্ণা। ছবির একটি দৃশ্যে ফ্রান্সে নৌকাবিহারের সময়ে রণবীরের চরিত্র বানিকে নিজের ট্রাভেল শোয়ের সুযোগ দিয়েছিলেন তিনি। বহু বছর পর দুই অভিনেতার এই সাক্ষাৎ তাই পুরনো স্মৃতি ফিরিয়ে এনেছে।

রণবীরের সঙ্গে তোলা ছবিটি পোস্ট করে তাঁকে ‘রাজা’ বলে সম্বোধন করেন পূর্ণা। ক্যাপশনে ‘রামায়ণ’ থ্রিডি-তে দেখার কথাও লেখেন তিনি। ছবির সঙ্গে ব্যবহার করেন ‘ইয়ে জওয়ানী হ্যায় দীওয়ানী’র জনপ্রিয় গান ‘ইলাহি’। প্রদর্শনীস্থলের ভিতরে তোলা আরও একটি ছবিও ভাগ করে নেন অভিনেত্রী।

৫ নভেম্বর ছবিটি মুক্তির আগে লস অ্যাঞ্জেলসে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন নির্মাতারা। সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক নমিত মলহোত্র, পরিচালক নীতেশ তিওয়ারী, তাঁর স্ত্রী অশ্বিনী আইয়ার তিওয়ারি এবং ছবির অভিনেতা রণবীর কাপুর, যশ ও সাই পল্লবী।

নীতেশ তিওয়ারী পরিচালিত ‘রামায়ণ’কে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। প্রযোজক নমিত মলহোত্রের বক্তব্য অনুযায়ী, ছবির দুই পর্বের মোট বাজেট প্রায় ৫০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা ৪০০০ কোটিরও বেশি। দুই পর্বে মুক্তি পাওয়ার কথা ‘রামায়ণ’-এর। প্রথম পর্বটি ২০২৬ সালের দীপাবলির আগে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। দ্বিতীয় পর্ব মুক্তির সম্ভাব্য সময় ২০২৭ সালের দীপাবলি।

By Durgasree Mitra