প্রধানমন্ত্রীর ‘কুরুচিকর’ পোস্টার মামলায় আপাতত স্বস্তিতে শ্রীলেখা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি-সহ একটি বিতর্কিত পোস্টার ঘিরে দায়ের হওয়া মামলায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে আপাতত স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর।

শ্রীলেখার আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, অভিনেত্রীর বিরুদ্ধে মোট ১৬টি এফআইআর হয়েছে। তাঁর দাবি, পোস্টারটি আপত্তিকর বা রুচিহীন হলেও তার ভিত্তিতে ফৌজদারি অপরাধ হয়েছে কি না, সেটিই মূল প্রশ্ন। এফআইআরগুলি খারিজের আবেদনও জানানো হয়েছে আদালতে।

ঘটনার সূত্রপাত গত ২৪ জুলাই। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতার মিছিলে অংশ নিয়েছিলেন শ্রীলেখা। তাঁর হাতে থাকা পোস্টারে প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি থাকার অভিযোগ ওঠে। এরপর বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। শুনানিতে আদালত পোস্টারটির তীব্র সমালোচনা করলেও আপাতত শ্রীলেখার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে। সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

By Durgasree Mitra